নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকারের দাবী, জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি কর্মীদের হত্যা, হামলা-মামলার প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এই মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবারের সমাবেশের নির্ধারিত স্থানে সমাবেশ করার অনুমতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা কারো শত্রু নই, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। আমরা শান্তির্পূণ ও সুশৃংখল পরিবেশে সমাবেশ করতে চাই। এ জন্যে আমরা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। সংবিধানের সবটুকু অধিকার আমরা পেতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম প্রমুখ।