এ ঘটনার নিন্দা জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, সভ্য সমাজে এমন অপরাধীদের কোনো জায়গা নেই। খুব শিগগিরই তাঁদের ধরা হবে ও দ্রুত বিচার আদালতে তাঁদের শাস্তি দেওয়া হবে।
পরকীয়ার অভিযোগে এক আদিবাসী নারীকে পিটিয়ে পুরো গ্রাম ঘুরিয়েছেন তাঁর স্বামী। গত বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী নারীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক থাকার অভিযোগে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।
রাজস্থানের পুলিশের কর্মকর্তা উমেশ মিশ্র বলেন, ভুক্তভোগী নারী তাঁর প্রেমিকের সঙ্গে থাকছিলেন। এটি জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজন তাঁকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করে ও নগ্ন করে পুরো গ্রাম ঘোরায়। মূল অভিযুক্তকে গ্রেপ্তারে ছয়টি টিম গঠন করা হয়েছে।