রাজধানীর ধানমণ্ডির এক বাসায় পার্লারের সেবা দিতে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীর ‘দলবদ্ধ ধর্ষণের’ শিকার হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রিয়াদ (২৪) এবং ইয়াছিন হোসেন সিয়াম (২৩) নামের ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়ে বলেন, ওই ঘটনায় জড়িত এক নারীসহ আরও দুজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। ওই নারীর স্বামী জানিয়েছেন, তার স্ত্রী পার্লারের কাজ শিখেছেন।
পার্লারের হোম সার্ভিসের ব্যাপারে তিনি অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।
তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় এক নারী ধানমণ্ডি-২৮ থেকে ফোন করে স্ত্রীকে কাজ করানোর কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে ওই নারী তাকে রাস্তা থেকে রিসিভ করে একটি বাসার দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর ওই নারীসহ তিন যুবক তাকে মারধর করে। পরে জোরপূর্বক ধর্ষণ করে তাকে রাস্তায় ছেড়ে দেয়। ’
তিনি আরো জানান, সংবাদ পেয়ে তিনি স্ত্রীকে উদ্ধার করে ওই রাতেই ঢামেক হাসপাতাল নিয়ে যান। তিনি বর্তমানে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।
ধানমণ্ডি থানার ওসি মো. ইকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল ও ভিকটিমের পক্ষ থেকে বিষয়টি আজ আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। যেই নারী তাকে হোম সার্ভিসের জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন, আমরা তাকে শনাক্তের চেষ্টা করছি। যেহেতু কেবল ভিকটিমই চেনেন ওই নারীর বাসা, তাই তিনি অসুস্থ থাকায় এ মুহূর্তে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না। ’
ধর্ষণের শিকার ওই নারীর স্বামী জানান, সাত মাস আগে তাদের বিয়ে হয়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।